সকল মেনু

আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার: জামায়াত আমির

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পর গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে।

শফিকুর রহমান বলেন, ‘বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব।’

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বিএনপি অতীত ভুলে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোর মতোই ছিল। এরপর দলটি রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে তাদের সঙ্গে বিরোধী দলের মতপার্থক্য ছিল না বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, বিরোধী দল চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক, যাতে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে না পড়ে। কিন্তু বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেয়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেওয়ার কথা বললেও বিএনপি সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

তিনি বলেন, বিএনপি দুটি ভোটের ফল যথাযথভাবে মূল্যায়ন করলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না। বরং সরকারের সিদ্ধান্তই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে বরাদ্দ দেওয়া হয়নি। অথচ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো ধারার রাজনীতির অবসান এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে বলে জনগণ প্রত্যাশা করেছিল।

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকারের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। এ অবস্থায় বিরোধী দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিরোধী দল শুরুতে দেশের উন্নয়নের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল। কিন্তু সরকার সেই সহযোগিতা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার ঘোষণা দেন তিনি।

নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা পূরণ না হওয়ার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। বিরোধী দল কোনো প্রলোভনে সাড়া দেবে না; বরং লক্ষ্য অর্জনে অবিচল থাকবে।

তিনি বলেন, ‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে, ইনশা আল্লাহ।’ তবে সরকারের সফলতা মানেই দেশের সফলতা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল এত দিন সরকারকে সহযোগিতা করতে চাইলেও এখন থেকে জনগণের স্বার্থে কাজ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top