সকল মেনু

কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত

শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিষদের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪ অক্টোবর থেকে এ দাবিতে কর্মসূচি পালন করে আসছিলেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েটরা।

আলোচনায় দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। কমিটি প্রতিবন্ধী গ্রাজুয়েটদের কর্মসংস্থানের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, সরকারের বর্তমান মেয়াদের মাত্র সাত মাস অতিক্রান্ত হয়েছে। তাই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন। পূর্ববর্তী সরকারগুলোকে যেভাবে সময় দেওয়া হয়েছে, বর্তমান সরকারকেও দাবি সমাধানের জন্য কিছুটা সময় দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনায় আন্দোলন অব্যাহত থাকলে প্রশাসনিক সহযোগিতা না পাওয়া এবং আন্দোলনকে সরকারবিরোধী হিসেবে উপস্থাপনের আশঙ্কার বিষয়েও পরিষদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।

আলোচনায় পাওয়া আশ্বাস, উদ্ভূত পরিস্থিতি এবং দাবি বাস্তবায়নে প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম বিবেচনায় নিয়ে আগামী এক মাসের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

তবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্তকে দাবি প্রত্যাহার হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে পরিষদ। তারা বলেছে, আগামী এক মাস যৌথ কমিটির কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে কার্যকর ও সন্তোষজনক অগ্রগতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যথায় এক মাস পর নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন আরও জোরদার করা হবে।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ জানিয়েছে, এক দফা কর্মসংস্থানের দাবি থেকে তারা সরে আসেনি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম ও দাবি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top