সকল মেনু

এক দফা কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান

এক দফা কর্মসংস্থানের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান শুরু করেন তারা।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের একমাত্র দাবি—প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষাজীবন শেষ করে চাকরির অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সময়ে কর্মসংস্থানের দাবি জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় এবার এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন তারা।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, ‘আমরা বছরের পর বছর শিক্ষাজীবন শেষ করে চাকরির অপেক্ষায় আছি। আমাদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়; আমরা আমাদের যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান চাই। এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

পরিষদের সদস্য সচিব মো. আলিফ হোসেন বলেন, ‘আমরা বহু বছর ধরে বিভিন্নভাবে কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছি। বারবার আশ্বাস পেলেও বাস্তব সমাধান পাইনি। তাই এবার এক দফা দাবিতে মাঠে নেমেছি। বিশেষ নিয়োগের ব্যবস্থা করে কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত আমরা কর্মসূচি থেকে পিছুপা হব না।’

আন্দোলনে অংশ নেওয়া এক প্রতিবন্ধী গ্র্যাজুয়েট বলেন, ‘শিক্ষাজীবন শেষ করার পরও বছরের পর বছর বেকার থাকা অত্যন্ত কষ্টকর। আমরা কারও দয়া চাই না, কাজের সুযোগ চাই। রাষ্ট্র কর্মসংস্থানের কার্যকর সমাধান না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব।’

আরেক আন্দোলনকারী বলেন, ‘আমাদের পরিবার আছে, ভবিষ্যৎ আছে, স্বপ্ন আছে। কিন্তু কর্মসংস্থানের সুযোগ না থাকায় আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। সরকার বিষয়টি মানবিক ও জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত বিশেষ নিয়োগের মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক।’

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এ সময় কোনো চাপ বা বাধার মুখে তারা আন্দোলন থেকে পিছুপা হবেন না বলেও ঘোষণা দেন।

এদিকে, দাবি আদায় না হলে আন্দোলনের এক পর্যায়ে বিষপান করে আত্মহত্যার ঘোষণার কথাও জানিয়েছেন আন্দোলনকারীদের কেউ কেউ। তবে এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, আলোচনার মাধ্যমে দ্রুত তাদের কর্মসংস্থান সমস্যার কার্যকর সমাধান করা হোক।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top