সকল মেনু

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে বাধা, হামলা কিংবা অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা চলমান থাকবে।’

অভিযানে বাধা ও হামলার ঘটনায় মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, অরাজকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত করার পক্ষে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মিরপুরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে। এতে পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। একইভাবে উচ্ছেদ করা অন্যান্য স্থানেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান শফিকুল ইসলাম খান মিল্টন। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, উচ্ছেদ অভিযানে পুলিশের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

তার অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top