সকল মেনু

বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। তারা রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই নামিম ও নিরবের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top