সকল মেনু

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ির ভেতর সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন আদালত।

আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণের ঘটনায় কক্সবাজারের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালতের আগের রায় অমান্যের অভিযোগে আদালত অবমাননার মামলা করা হয়। পাশাপাশি বেলার পক্ষ থেকেও প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

তিনি বলেন, আদালতের আগের নির্দেশনা অমান্য করে বালিয়াড়িতে নির্মাণকাজ চলার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আদালত অবমাননার মামলা করে।

এর আগে জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ সালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণ এবং বালিয়াড়িতে নির্মিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন।

আইনজীবীরা জানান, আদালতের ওই নির্দেশনার পর বালিয়াড়িতে নির্মিত বিভিন্ন স্থাপনা দুই দফায় উচ্ছেদ করা হয়। তবে এরপরও কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে।

এ ঘটনায় শুনানি শেষে হাইকোর্ট নতুন করে আট সপ্তাহের জন্য বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top