গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ায়। তিনি মন্টু মিয়ার ছেলে। তার একটি ছোট ছেলেসন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ আগস্ট ঢাকা থেকে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ডের দায়িত্বে যোগ দেন হাবিবুর। বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের সহায়তায় দরজা খোলেন। পরে ওয়াশরুমের ভেতর হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুরে স্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে হাবিবুর ওয়াশরুমে গিয়ে স্ত্রীর সঙ্গে ভিডিওকলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন বলে সহকর্মীরা জানিয়েছেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।