২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী লিখিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেন। পরে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে আগের সূচির তুলনায় প্রায় দুই মাস পিছিয়ে গেল ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। তবে পরীক্ষার বিস্তারিত সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।