সকল মেনু

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ঘটনায় এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি এবং অন্য ঘটনায় দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

দুই অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৮৪ কেজি। কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ২৪ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) ঢাকা কাস্টমস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রানওয়েতে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণবার পাওয়া যায়।

প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি এবং বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের বিষয়টি সামনে আসার পর ঘটনাটি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দারা। এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, থাকলে তাদের অন্য সদস্যদের শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস।

আটক যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক। কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়।

পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের সন্ধান পান কর্মকর্তারা।

রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে।

স্বর্ণবারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণ বহনের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথিপত্রও দেখাতে পারেননি।

দুই ঘটনায়ই জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top