সকল মেনু

আনসার-ভিডিপির হাত ধরে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি তৈরিতেও বাহিনীটি বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। গ্রাম, শহর, বন্দর ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও তারা দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। দেশে অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতির সময় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দুর্যোগকালেও আনসার সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে বাহিনীটি একটি শৃঙ্খলাবদ্ধ ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি আনসার বাহিনী প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে। বর্তমানে বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করছেন। একইভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, আনসার বাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান ও কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশগামী দক্ষ জনশক্তি তৈরিতেও বাহিনীটি ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। বাহিনীর বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা, সুস্পষ্ট ভিশন এবং নির্দিষ্ট কর্মপরিকল্পনা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকাল ৯টায় প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে আনসার সদস্যদের কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন। পরে তিনি একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সমস্যার বিষয়েও খোঁজ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top