রঙিন শহর রাজধানী ঢাকা যেন এখন এক অন্তহীন দুর্ভোগের নগরী। একটু বৃষ্টি হলেই সড়ক ডুবে যাচ্ছে পানিতে, ড্রেন উপচে উঠছে ময়লা আবর্জনা। আবার বৃষ্টি থামলেই দেখা মিলছে ধুলাবালি, ভাঙাচোরা রাস্তা আর যানবাহনের দীর্ঘ জটের। এর মাঝেই শহরের বিভিন্ন জায়গায় খোলা ম্যানহোল যেন নীরব মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে নগরবাসীর জন্য।
মগবাজার থেকে মিরপুর, মালিবাগ থেকে যাত্রাবাড়ী- রাজধানীর অধিকাংশ এলাকাতেই এখন এমন চিত্র। কোথাও রাস্তার মাঝখানে খোলা ম্যানহোল, কোথাও উন্নয়ন কাজের জন্য খোঁড়া গর্ত, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে থাকছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ।
বিশেষ করে রাতে বিপদ আরও বাড়ে। পর্যাপ্ত আলো কিংবা সতর্কতামূলক চিহ্ন না থাকায় বোঝার উপায় থাকে না সামনে সমতল, গর্ত নাকি খোলা ম্যানহোল। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও কার্যকর সমাধান মিলছে না।
মালিবাগের বাসিন্দা রুবেল হোসেন বলেন, “বৃষ্টি হলে রাস্তা আর ড্রেন আলাদা করা যায় না। সবচেয়ে ভয় লাগে খোলা ম্যানহোল নিয়ে। প্রায়ই দুর্ঘটনার খবর শুনি কেউ আহত হচ্ছেন, কেউ প্রাণও হারাচ্ছেন। আমাদের জীবনেরও তো মূল্য আছে, এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।”
শুধু পথচারী নয়, ভোগান্তিতে পড়ছেন চালকরাও। জলাবদ্ধতার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে গাড়ি। অনেক এলাকায় জমা পানি ইঞ্জিনে ঢোকায় বিকল হয়ে যাচ্ছে যানবাহনও।
মিরপুরের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “প্রতিদিন বাসা থেকে বের হলেই মনে হয় যুদ্ধ করতে বের হয়েছি। যানজট, পানি আর কাঁদা মিলিয়ে চলাফেরা করাই কঠিন। অনেক সময় রাস্তায় এত পানি থাকে যে কোথায় রাস্তা ভাঙা বোঝাই যায় না। রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।”
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের নামে দীর্ঘস্থায়ী খোঁড়াখুঁড়ি চলছেই। কোথাও ড্রেন নির্মাণ, কোথাও পাইপলাইন বসানোর কাজ। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় নেই। ফলে দুর্ভোগ যেন স্থায়ী রূপ নিয়েছে নগরজীবনে।
অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও সমন্বয়হীন উন্নয়ন কাজের কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগী রাজধানীবাসী। দ্রুত সংস্কার ও তদারকি না বাড়ালে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।