রাজধানীর ডেমরা এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, র্যাবের কটি, হ্যান্ডকাপ, ওয়াকিটকি সেটসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব।
তিনি জানান, ডেমরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. আলামিন ওরফে ‘মোটা আলামিন’কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১১টার দিকে মেন্দিপুর বাজার সংলগ্ন হাজী সিএনজি পাম্প এলাকা থেকে তার সহযোগী চালক মো. রায়হানকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি মাইক্রোবাস, ২টি ভুয়া নাম্বার প্লেট, ৬টি র্যাব কটি, ২টি হ্যান্ডকাপ, ১টি ওয়াকিটকি, ‘পুলিশ’ লেখা স্টিকার, লেজার লাইট, পুলিশ বাটন, পকেট ওয়াইফাই রাউটার, সেনাবাহিনীর মাস্ক এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা র্যাব বা পুলিশের পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করত। কখনও পুলিশ ট্যাগযুক্ত গাড়ি, আবার কখনও সেনাবাহিনীর ছদ্মবেশ ব্যবহার করে তারা ডাকাতি চালাত।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আলামিন চক্রটির অন্যতম সক্রিয় সদস্য ও নেতৃত্বদানকারী। আগে সে ইট, বালি ও মুরগির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে ডাকাতিতেই জড়িয়ে পড়ে। অন্যদিকে রায়হান পেশায় চালক হলেও ডাকাতির পরিকল্পনা অনুযায়ী যানবাহন সরবরাহ, চালনা, ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার কাজে যুক্ত ছিল।
র্যাব আরও জানায়, আলামিনের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও, কেরানীগঞ্জ, মুগদা, টাঙ্গাইল সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে অন্তত ৮টি মামলা রয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ৭১ লাখ টাকা লুটের মামলাতেও সে আসামি। সর্বশেষ ২০২৫ সালে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।