সকল মেনু

‘ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল একাধিক অস্ত্র’

ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলাকালে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ‘হত্যার উদ্দেশ্যে’ এসেছিল এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। তিনি হামলাকারীকে ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে উল্লেখ করেন।

শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের ‘অত্যন্ত সাহসী’ সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারীকে নিষ্ক্রিয় করে এবং আটক করে।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে গুলির শব্দ শোনা যায়। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর নিরাপত্তার স্বার্থে তাঁদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

ঘটনার বর্ণনায় ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এতে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

হোটেলটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটন হিলটন ‘বিশেষভাবে নিরাপদ ভবন’ নয় এবং ঘটনার পর সব পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান নেতাদের লক্ষ্য করে হামলার এটি প্রথম ঘটনা নয়। এ প্রসঙ্গে তিনি পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় তাঁর ওপর পূর্বের হামলা চেষ্টার কথাও উল্লেখ করেন।

আটক সন্দেহভাজনকে ট্রাম্প ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top