বিচার বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার নামে দুর্নীতিগ্রস্ত কাঠামো টিকিয়ে রাখা হবে না, বরং সব ধরনের অনিয়মের শিকড় তুলে আনার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে সরকার এমন বিচারব্যবস্থা চায় না, যেখানে দুর্নীতির সুযোগ থাকে। তিনি বলেন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।
জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগীয় সচিবালয় আইনসহ বিভিন্ন বিষয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইন সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। বিএনপি এ সনদের চেতনা ধারণ করে এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর সাংবিধানিক ও আইনগত ভিত্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এতে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলাম–এর কবর জিয়ারত করেন এবং পরে পুরোনো জেলা জজ আদালত পরিদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।