সকল মেনু

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে সারাদেশে (১১টি শিক্ষাবোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ২ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৪ জন শিক্ষার্থী রয়েছে।

একই সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের ১ জন পরিদর্শককেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, আজ পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ​দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন।

পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ১ জন ঢাকা বোর্ডের শিক্ষার্থী এবং আরেকজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।

এছাড়া ​মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩, হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ পরীক্ষার্থী। এই বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সবশেষ ​কারিগরি শিক্ষা বোর্ডের মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। তবে এই বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, বোর্ড থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া এসএসসির লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top