প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ—এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসা প্রয়োজন।
রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ইংল্যান্ডকে গণতন্ত্রের সূতিকাগার হিসেবে ধরা হয়। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন। পাশাপাশি তিনি বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।