সকল মেনু

বিএনপিতে চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন রুকাইয়া জাহান চমক।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমে অংশ নিতে দলের মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রুকাইয়া জাহান চমক জানান, দেশের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের জন্য কাজ করার লক্ষ্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়, আর সে বিবেচনায় বিএনপিকে তিনি উপযুক্ত মনে করেছেন।

তিনি আরও জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন যাত্রা নিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে নতুন পথচলার কথা জানিয়ে সবার দোয়া কামনা করেন এই আলোচিত মুখ।

প্রসঙ্গত, গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সরব ভূমিকার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন রুকাইয়া জাহান চমক। তবে তার এই রাজনৈতিক যাত্রার পরবর্তী ধাপ এখন অনেকটাই নির্ভর করছে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top