সকল মেনু

‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’

দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতি হিসেবে মজুত আরও বাড়ানোর কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, বর্তমান মজুত দেশের চাহিদা পূরণে যথেষ্ট সক্ষম। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বাড়ানো হচ্ছে।

এর আগে, গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের জন্য পর্যাপ্ত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের চাহিদা কিছুটা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বেড়েছে, বিশেষ করে অকটেন ও পেট্রোলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আতঙ্কের কারণে বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকেই জ্বালানি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। মার্চের শুরুতে পেট্রোল ও অকটেনের বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করলেও কয়েকদিন পর তা তুলে নেওয়া হয়। বর্তমানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আগের বছরের বিক্রির ধারা অনুযায়ী বাজার সমন্বয় করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top