যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তীব্র উত্তেজনার মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান এবং একে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করেন।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইরানকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হবে, তাহলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার প্রস্তাব আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তার মতে, এই দুই সপ্তাহের সময়সীমা চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘদিনের এই সংকট সমাধানের পথকে আরও এগিয়ে নেবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে, এই চুক্তি লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে।
শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।