সকল মেনু

এবার যুক্তরাষ্ট্রের মাটিতেই বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের নেভাডার লাস ভেগাসের উত্তরে একটি সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমানের বাইরে বের হতে পেরেছেন এবং হালকা চোটের জন্য চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

দেশটির নেলিস এয়ার ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ঘটেছে। এটি ইন্ডিয়ান স্প্রিংসের প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের সীমাবদ্ধ ফেডারেল এলাকায় সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্তের আগে পাইলটের নেভিগেশন সমস্যার বিষয়টি রিপোর্ট করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, পাইলট বিমানের ধ্বংসের আগে ইজেকশন করেছেন এবং বর্তমানে নিরাপদে আছেন। অন্য কোনো আহতের তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং জনবসতিপূর্ণ এলাকায় এ ঘটনায় তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের কর্মী ও কমিউনিটির নিরাপত্তায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ দক্ষিণ নেভাডা ও পূর্ব ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ সামরিক এলাকা; যা বিমান যুদ্ধ প্রশিক্ষণ, অস্ত্র পরীক্ষণ এবং জটিল অপারেশনের জন্য ব্যবহৃত হয়।

এফ-৩৫ হলো লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এবং এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম আধুনিক যুদ্ধবিমান। এখনও এই দুর্ঘটনায় কোন ভেরিয়েন্টের বিমান জড়িত ছিল তা প্রকাশ করা হয়নি।

সূত্র: ফক্স নিউজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top