ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্লা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের মৃত আমির হোসেন মোল্লার পুত্র।
জানা যায়, পেঁয়াজ উত্তোলনের জন্য ইকরাম মোল্লা চারজন শ্রমিক ভাড়া করে রিজার্ভ ইজিবাইকে করে ফরিদপুরে বাড়িতে ফিরছিলেন। অপর দিক থেকে যদুনন্দী থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকরাম মোল্লাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের সবার বাড়ি রাজশাহী জেলায়।
দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক যানবাহন নসিমনটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।