সকল মেনু

সালথায় পাটের গুদামে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

সালথা উপজেলার পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ও চৈতালী ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কের পুরুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গুদামে থাকা পাট, মুসুর ডালসহ বিভিন্ন চৈতালী ফসল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, যদিও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, তার একারই প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে নজরুল মল্লিকের গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩৫০ মণ পাট ও ৫০ মণ মুসুরিসহ অন্যান্য ফসল পুড়ে বা পানিতে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তার টিনের ছাদের ওপর পড়ে আগুন লাগে। এতে তার গুদামে থাকা বিপুল পরিমাণ পাট ও ডাল সম্পূর্ণ পুড়ে গেছে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top