সকল মেনু

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশি তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত হিসেবে সরকারের নজরে এসেছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এতে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। এ সময় ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top