বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) তাঁর ভোটার কার্ড করার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করা হবে।
এর আগে বিকেল তিনটার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।