সকল মেনু

হাদি হত্যাকারীদের নামে ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের নাম ও ছবি সংবলিত একটি ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে—যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল—এই ঘৃণা স্তম্ভের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে রাশেদ প্রধান বলেন, ‘হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই নিশ্চিন্তে আছে।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ঘৃণা জানাই।’

রাশেদ প্রধান বলেন, তাঁদের ক্ষমতা সীমিত। ‘আমরা ঘৃণা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার দুনিয়ায় ও আখিরাতে করেন।’

এ সময় তিনি বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণের দাবি জানান। পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণা স্তম্ভ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, ‘সরকার অনুমতি দিলে ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব। এর জন্য সরকারের কোনো অর্থের প্রয়োজন হবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top