সকল মেনু

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Dasho Tshering Tobgay)।

রোববার দুপুরে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপ্রধান তাঁকে স্বাগত জানান।

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ–ভুটান সম্পর্ককে ‘গভীর বন্ধুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের জন্য আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করায় কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিরও প্রশংসা করেন। শেরিং তোবগে আশা প্রকাশ করেন যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও এগিয়ে যাবে।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিন দিনের সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। দুই নেতার সংক্ষিপ্ত বৈঠকের পর শেরিং তোবগেকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

আজ বঙ্গভবনে বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বহিরাগত বাণিজ্য মন্ত্রী ডি. এন. ধুঙ্গেল, শিল্প–বাণিজ্য–কর্মসংস্থান মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি প্রমুখ। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমিন, বঙ্গভবনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top