নাটোরে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপকে পেছন দিক থেকে আরেক চলন্ত পিকআপের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার রাত ১১টায় নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মজিদ (৭০) এবং পিকআপ চালক রনি (৩৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, চাঁপাইনবাবগঞ্জ কানসাট থেকে পিকআপ ভর্তি আম নিয়ে মজিদ নামে এক আম ব্যবসায়ী পাবনা যাচ্ছিলেন। রাত ১১টার সময় শহরের চকবৈদ্যনাথ চামড়া পট্টি এলাকায় পিকআপটি পৌঁছালে হঠাৎ টায়ার পাঙচার হয়। এতে পিকআপের চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে পাঙচার হওয়া চাকা খুলছিলেন।
এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা চলন্ত আরেকটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।