বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টানা প্রায় ৪৭ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। কোনো আশ্বাস ও কথাই শুনতে নারাজ তারা।
সোমবার (১১ নভেম্বর) সকালেও তাদের অবরোধ অব্যাহত রয়েছে। সকাল থেকেই আন্দোলনে থাকা শ্রমিকরা সড়কে ভাগ ভাগ হয়ে অবস্থান নিয়েছেন। দুই থেকে আড়াইশো শ্রমিক সড়কে অবস্থান নিলেও উৎসুক জনতা ও সাধারণ মানুষের কারণে তাদের আলাদা করা কঠিন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কেই অবস্থান করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
এ দিকে অবরোধের কারণে মহাসড়কে টঙ্গী থেকে মাওনা পর্যন্ত প্রায় ৩০-৩৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রীরা।
শ্রমিকদের রাস্তা অবরোধে ক্ষুব্ধ চালক, এলাকাবাসী ও সাধারণ মানুষ।
সাধারণ মানুষ বলছেন, সবকিছুর একটা সীমা থাকা দরকার। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক আজ ৩ দিন ধরে বন্ধ। এটা কোনোভাবেই মানা যায় না। মানুষ চলাচল করতে পারছে না। দূরপাল্লার কোনো গাড়ি চলছে না। রোগী নিয়ে হাসপাতাল পর্যন্ত যাওয়া যাচ্ছে না। কার্যত অচল হয়ে গেছে গাজীপুর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করে। যেকোনো মূল্যে এদের মহাসড়ক থেকে না সরালে সাধারণ মানুষ ও চালকরা পদক্ষেপ নিতে পারে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, শ্রমিকদের বুঝানো হয়েছে কিন্তু কোনো কথাই শুনছে না তারা। তারা বেতন না নিয়ে মহাসড়ক ছাড়বে না। তাদেরকে আজও বুঝানো হচ্ছে। যেহেতু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এজন্য আপাতত বিকল্প যে রাস্তা রয়েছে তা ব্যবহার কতে বলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।