সকল মেনু

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা : কাউন্সিলরের ৩ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটের দিন একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে (৩৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) দিনগত রাতে ওই নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন। একই আদেশে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে কাউন্সিলর আবদুল গফুরকে হাতেনাতে আটক করা হয়। পরে জুডিসিয়াল বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। সোমবার সকালে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন রোববার বিকেলে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুল। এসময় কাউন্সিলর গফুরকে ছাড়াতে গিয়েই এমপি মোস্তাফিজুর রহমান থানার ওসির রুমে গিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

কাউন্সিলর গফুর স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী। নির্বাচনে মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগে রোববার বিকেলে প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top