জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের সঙ্গে জোট করলে সুফল আসবে না। কারণ তার (জিএম কাদের) কর্মকাণ্ডে আমার সমর্থন নেই।
মঙ্গলবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে রওশন এরশাদ এসব কথা বলেন। দুপুরে তিনি গণভবনে যান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর মুখপাত্র মামুনুর রশীদ ও ছেলে সাদ এরশাদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেওয়ার ঘোষণা দিলেও রওশন এরশাদ নির্বাচনে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেন। এবার এ নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হবে বলে জানা গেছে।
গত মাসে ২৮৮ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দুটি আসন ঢাকা–১৭ এবং রংপুর-৩ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান জিএম কাদের।
এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে রংপুর-৩ আসনে হওয়া উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ধারণা করা হয়েছিল, এবারও তিনি এই আসনে মনোনয়ন পাবেন।
প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়। কিন্তু পছন্দের আসনে মনোনয়ন না পেয়ে নির্বাচন করতে অস্বীকৃতি জানান রওশন এরশাদ ও সাদ এরশাদ।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।