সকল মেনু

‘ঢাকা থেকে চট্টগ্রামে কেজিপ্রতি ২.৩৬ টাকা দিয়ে মালামাল পরিবহন করা যাবে’

প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে এবার একটি করে পণ্যবাহী কোচ বা ‘লাগেজ ভ্যান’ সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এ সেবার উদ্বোধন করে এ কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, ১২৫টি লাগেজ ভ্যান (বগি) যুক্ত করা হচ্ছে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টি ব্রডগেজ লাইনের ট্রেনে। ব্রডগেজে ১০টি রেফ্রিজারেটর (শীতাতপ নিয়ন্ত্রিত কোচ) এবং মিটারগেজে ১৬টি রেফ্রিজারেটর থাকবে।

মন্ত্রী জানান, চীন থেকে ৭৫টি এমজি লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে (যাত্রীবাহী ট্রেনে) একটি করে লাগেজ ভ্যান যুক্ত হবে। এর মধ্যে চীন থেকে প্রথম চালানের ২০টি লাগেজ ভ্যান চট্টগ্রাম বন্দর হয়ে পাহাড়াতলী কারখানায় এসেছে। পর্যায়ক্রমে অন্য লাগেজ ভ্যানগুলোও দেশে আসবে।

সরকার ২০১৮ সালের ২৬ জুন পণ্য পরিবহন ও যাত্রী সেবার মানোন্নয়নে আধুনিক, নিরাপদ এবং গুণগত মানসম্মত রোলিং বহরে স্টক যুক্ত করার লক্ষ্যে রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের (রোলিং স্টক সংগ্রহ) অনুমোদন দেয়। এই প্রকল্পের চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা। চীনা প্রতিষ্ঠান তা সরবরাহ করবে। অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।

সে অনুযায়ী ২০২০ সালের ৩১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ও চীনের মধ্যে ওই লাগেজ ভ্যান সংগ্রহে দুটি চুক্তি সই হয়। যদিও ২০২২ সালের জুলাই থেকে এসব লাগেজ ভ্যান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। চট্টগ্রাম-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলরত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচলরত বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রামের রুটের মহানগর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটের পারাবত এক্সপ্রেসসহ ১৬টি ট্রেনে নতুন লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে।

এর আগে করোনার সময় ঢাকায় খাদ্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে পার্সেল ও কৃষি ট্রেন চালু করে রেলওয়ে। রেলের আয়ের অন্যতম খাত পণ্য পরিবহন। এটি করা হয় লাগেজ ভ্যানের মাধ্যমে। বর্তমানে রেলওয়েতে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান আছে। এর বেশিরভাগের অর্থনৈতিক আয়ু শেষ হয়ে গেছে অনেক আগেই। ফলে, পণ্য পরিবহন থেকে যথেষ্ট আয় করতে পারছে না রেলওয়ে।

ঢাকা-চট্টগ্রাম নতুন লাগেজ ভ্যানে প্রতিকেজি ভাড়া ২টাকা ৩৬ পয়সা। ঢাকা-রংপুর ২টাকা ৯৪ পয়সা। ঢাকা-জামালপুর ভাড়ার হার (প্রতি কেজি) ১টাকা ৬৮ পয়সা। ঢাকা-লালমনিরহাট ২ টাকা ৯৪ পয়সা। চট্টগ্রাম-সিলেট ২ টাকা ৬২ পয়সা। চট্টগ্রাম-ময়মনসিংহ ২ টাকা ৬২ পয়সা। ঢাকা-সিলেট ২ টাকা ২২ পয়সা। ঢাকা-দেওয়ানগঞ্জ ১ টাকা ৮৮ পয়সা। ঢাকা-কুড়িগ্রাম ৩ টাকা ১২ পয়সা। ঢাকা-মোহনগঞ্জ ১ টাকা ৮২ পয়সা। ঢাকা-কিশোরগঞ্জ ১ টাকা ৪৬ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top