আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে প্রেরণের বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মহানগর এক্সপেসে করে আখাউড়ায় আসেন। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান।
এসময় রেলস্টেশনে মন্ত্রীকে স্বাগত জানান, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল, সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আইনমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে প্রেরণের বিষয়ে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। এরপর আইন মন্ত্রণালয় বিষয়টি কাগজপত্রের আলোকে ভেবে দেখবে বিদেশে পাঠানোর অনুমতি দেয়া যায় কিনা।
তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদন্যতায় ও মহানুভবতায়।
বিএনপির হরতাল কর্মসূচির হুংকার বিষয়ে সাংবাদিকদের পশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি কোনো সুযোগ নেই।
তবে বিএনপি নেত্রীর মুক্তির আগের বাড়ানো মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে জানিয়ে তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে।
আবেদনে বিদেশে নেয়ার বিষয়টি ছিল- এ বিষয়ে আইনমন্ত্রী বলেছিলেন, আবেদনে বিদেশে নেয়ার বিষয়টি ছিল। কিন্তু সেই বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম।
সম্প্রতি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়ে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়া হয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। তখন করোনা মহামারির মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। যে দুটি শর্তে নির্বাহী আদেশে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, তার প্রথমটি হলো তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় শর্তটি হলো- তিনি বিদেশ যেতে পারবেন না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।