বিএনপির ডাকা গতকাল শনিবারের (২৯ জুলাই) অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও সংঘর্ষের অভিযোগে রবিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর ৭ থানায় পৃথক ১১টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪৯ বিএনপি নেতাকর্মীকে। আরো কিছু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রাজধানীর বংশাল, সূত্রাপুর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ি থানায় দুটি, বিমানবন্দর থানা একটি, উত্তরা পশ্চিম থানায় দুটি, উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা হয়েছে। দায়েরকৃত এসব পৃথক মামলায় উল্লেখিত আসামী ৪৬৯ জন। ১১ মামলায় ৯টি পুলিশ বাদী, দুটি মামলার বাদী ভুক্তভোগী সাধারণ মানুষ।
রবিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার(ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, গতকালকে ডিএমপি অনুমতি না দেয়া সত্ত্বেও বিএনপি একটি বেআইনি সমাবেশ করে। বিএনপির বেআইনি সমাবেশ থেকে অগ্নি সংযোগ করে বাস ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায়, পুলিশের গাড়ি ভাঙচুর, এপিসি ভাঙচুর ও পুলিশের উপর অতর্কিত হামলা চালায় ও পুলিশের সরকারি কাজে বাধা দেয়া হয়।
এসব অপরাধে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৭টি থানায় ১১ টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় এজাহারে উল্লেখিত আসামি ৪৬৯ জন। মামলায় উল্লেখিত আসামি সহ অন্যান্য আসামি গ্রেপ্তার হয়েছে ১৪৯ জন। ডিবি পুলিশ, ক্রাইম ডিভিশনসহ অন্যান্য বিভাগের টিম এই আসামির গ্রেপ্তার করেছে ও পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।
দায়েরকৃত এসব মামলার বাইরেও আরো কয়েকটি দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ডিএমপি মুখপাত্র ফারুক হোসেন বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেয়া হয়েছে। তাদের কোন মামলায় আসামি করা হয়েছে কিনা তা মামলার এজহার পর্যালোচনা করলে জানা যাবে।
গতকালকে বিএনপির কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সশস্ত্র অবস্থায় ও সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিনা? নাকি তাদের পুলিশকে সহায়তা জন্য রাখা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের কর্মসূচি ছিল কিন্তু পুলিশের অনুমতি না থাকায় তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
বিএনপি’র কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা যখন পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের অবস্থান করেছেন। এখানে পুলিশের কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমে কোনো সম্পৃক্ততা নেই।
যে মামলাগুলো এখন পর্যন্ত দায়ের হয়েছে তা হলো-
কদমতলী থানায় ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার রাত ২টা ৫ মিনিটে এসআই নাজমুল মোল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
যাত্রাবাড়ী থানায় পৃথক ২ মামলায় ২১৮ জন নামীয়সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার রাত ১২ টার দিকে এসআই মুকিত হাসান ও এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামালা দুটি দায়ের করেন।
উত্তরা পশ্চিম থানায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পৃথক ২ মামলা দায়ের করা হয়। গত রাতে ১৪ জনকে আসামী করে একটি মামালা করেন এসআই মোঃ শহিদুল ইসলাম। ১৭ জন নামীয়সহ অপর মামলাটি দায়ের করেন এসআই নসীবুল হাসান।
সূত্রাপুর থানায় ২৪ জন নামীয়সহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে গতরাতে ১টি মামলা দায়ের করেন এসআই নাসির উদ্দিন হাওলাদার। বিমানবন্দর থানায় গতরাতে এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেন।
উত্তরা পূর্ব থানায় গত রাতে ৬৬ জন নামীয়সহ অজ্ঞতানামা ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ২টি মামলায় করা হয়। এসআই আল আমিন হোসেন ৩৫ নামীয়সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গত রাতে একটি মামলা করেন। ৩১ জন নামীয়সহ অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে অপর মামলাটি করেন এসআই সমিত কুমার মজুমদার।
বংশাল থানায় ২৫ জন নামীয়সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত রাতে থানার এসআই নয়ন কুমার সাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।