সকল মেনু

সাতরাস্তা থেকে মহাখালী-বনানী অভিমুখে আওয়ামী লীগের শোভাযাত্রা

রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী ও বনানী অভিমুখে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার পর এ শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা।

এসময় বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মান-সম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। নির্বাচনে বাধা দিতে আসলে জনগণ সঙ্গে নিয়ে প্রতিহত করবো।

তিনি বলেন, তাদের এক দফা ভুয়া। তাদের ৩৬ দল ভুয়া। বিএনপি ভুয়া। তাদের ঘুম নেই। কীভাবে ঠেকাবে এত উন্নয়ন? ১০০ সেতু, মেট্রোরেল, পদ্মা সেতু হয়ে গেছে। আগামী মাসে আরও ১০০ সেতু উদ্বোধন হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছে কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেলো। বিএনপি যা শুনতে চেয়েছিল, তাদের চোখ মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। যুক্তরাষ্ট, ইইউ বলে গেছে- ‘তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চাই।’ বিএনপি নেতারা এখন আর খুশি নেই। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা।’

নেতাকর্মীদের কাদের বলেন, আপনারা মাথা গরম করবেন না। তাদের মাথা গরম। কিন্তু আমরা শান্তি চাই। শান্তি যত থাকবে, আমাদের জয় হবে। আমাদের মাথা গরম করলে চলবে না। আমরা ক্ষমতায়, আমাদের শান্ত থাকতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের সধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

এদিকে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে সাতরাস্তায় জড়ো হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাখালী-মগবাজার সড়ক বন্ধ হয়ে যায়। সমাবেশে রূপ নেয় পুরো এলাকা। দীর্ঘ যানজটের জন্য আয়োজক সংগঠন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top