যানবাহন সংকট ও তীব্র যানজটে দুর্ভোগ
বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা, প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থানের কারণে গতকাল মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। সকালের দিকে ভোগান্তি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়তে থাকে। গণপরিবহন কম চলাচল করায় রিকশা, সিএনজি ও রাইডশেয়ারিং অ্যাপসের যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করেছে।
বিএনপির পদযাত্রা শুরু হয় গাবতলী থেকে। এই কর্মসূচির কারণে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১. মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, মগবাজার, মৌচাক, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রা শুরু হয়। তবে অনেক আগে থেকেই এর প্রভাব পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে। আমিনবাজরের সালেহপুরে এলাকা থেকে যান চলাচল স্থবির হয়ে পড়ে। গাবতলী পর্যন্ত তিন মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা। দুপুরের দিকে মিরপুর ১ নম্বর থেকে ফার্মগেট, মগবাজার, মৌচাক, মালিবাগ এলাকার রাস্তার উত্তর পাশ পুরোপুরি বন্ধ ছিল। দক্ষিণ পাশের রাস্তা দিয়ে কম সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিকাল সোয়া চারটার দিকে বিএনপির পদযাত্রা পল্টনে পৌঁছায়। তখন মালিবাগ থেকে কাকরাইল হয়ে পল্টনের রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিপরীত দিকের রাস্তায় ধীরগতিতে যানবাহন চলাচল করেছে।
সকাল থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায়। নগরীর সব বাস রুটেই যাত্রীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারপরও বাস না পাওয়ায় রিকশা, সিএনজি এবং রাইডশেয়ারিং অ্যাপসের যানবাহনেই গন্তব্যে রওয়ানা দিতে দেখা যায়। তবে তাতেও কেউ ভোগান্তি এড়াতে পারেননি। বিএনপির হাজার হাজার নেতাকর্মী সড়কে অবস্থান নেয়ায় বিভিন্ন সড়কে গিয়ে যাত্রীদের যাত্রা থেমে যায়। অগত্যা আবার পায়ে হেঁটে রওনা দিতে হয়। পদযাত্রার সময় সব সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রভার পড়ে রাজধানীর অন্য অংশের সড়কে। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শুরু হয় সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এখান থেকে শোভাযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের উদ্দেশে রওনা হয়। এর ফলে এই এলাকার রাস্তাগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়।
অপরদিকে চাকরি জাতীয়করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে প্রেস ক্লাব, পল্টন, বঙ্গবাজার, এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু সময় ধরে দুই পাশের রাস্তাই বন্ধ থাকায় একদিকে যানজট অন্যদিকে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা।
গণপরিবহন চলাচল না করায় সড়কে রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেশি ছিল। সুযোগ পেয়ে রিকশা-সিএনজি ও রাইডশেয়ারিং অ্যাপসের চালকরা বেশি ভাড়া নিয়ে যাত্রীদের পকেট ফাঁকা করেছে। অনেকে অ্যাপস বন্ধ রেখে চুক্তিভিত্তিক ভাড়ায় চলাচল করেছে। ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, বাংলামোটর, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, বিজয়নগর ও কাকরাইল এলাকার যাত্রীরা এসব অভিযোগ করেছেন। ২০ টাকার ভাড়া দূরত্বে ৭০-৮০ টাকাও নেয়া হয়েছে। মোটর সাইকেলে ১০০ টাকার ভাড়া ২০০ টাকা দিতে হয়েছে। সিএনজি চালকরাও কম যায়নি। কামাল হোসেন নামে এক যাত্রী জানান, অ্যাপসে মোটরসাইকেলে ১৩০ টাকার ভাড়া ২৫০ টাকা দিতে হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।