প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সঙ্গে রেখেই অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন এই ড্যাশিং ওপেনার।

তবে এই সিরিজে নয় আপাতত দেড় মাসে বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার। তামিম দলে ফিরবেন এশিয়া কাপ দিয়ে। খেলবেন ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর এই কথা জানান বাঁহাতি এই ওপেনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং তার সাথে আমার মন খুলে আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।
এর আগে অবসর ঘোষণা ইস্যুতে শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকেন তামিমকে।
ঢাকায় এসে গণভবনে যান দেশসেরা এই ওপেনার। এসময় তার পরিবার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সঙ্গে ছিলেন।

এর আগে অবসর নেয়ার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন তামিম ইকবাল। আর এই খবর ঘিরে গতকাল প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। সবাই যা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর কথায় অবসর ভাঙবেন তামিম, হলোও তাই।
গতকাল বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন তামিম। আর আজ (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তারই দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।