হটনিউজ ডেস্ক:
ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ নারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের এ সংঘর্ষ হয়। খবর এনডিটিভির।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার অম্বরনাথ থেকে যাত্রা শুরু করা ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল ওই বাসটি একই রাজ্যের আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। একপর্যায়ে মুম্বাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন নারী, দুইশিশু ও একজন পুরুষ রয়েছেন। অন্যদিকে আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ দিকে মুখ্যমন্ত্রী শিন্ডে এ ঘটনায় মৃতের আত্মীয়দের প্রত্যেককে পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকার আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করবে বলেও তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।