হটনিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছুরিকাঘাতে সিজানুর শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার মাজড়া এমইউ ফাজিল মাদ্রাসাসংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে।
সিজানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। তিনি কাশিয়ানী এমএ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের বন্ধু তাজুল ইসলাম বলেন, সিজানুরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল মাজড়া এমইউ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নাজিম। রোববার দুপুরে মাদ্রাসার পাশে বাগানে সিজানুরকে দেখা করতে বলে নাজিম। সেখানে যাওয়া মাত্রই নাজিম সিজানুরের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত নাজিম উপজেলার হিরন্যকান্দি গ্রামের ইকলাস শিকদারের ছেলে।
কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খাদিজা শাহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।