হটনিউজ ডেস্ক:
রাজধানীর ঢাকার বাড্ডায় রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের ৪ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই পরিবারের স্বামী ও স্ত্রী ২ জনের মৃত্যু হলো। তাদের ২ সন্তান এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার (২৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী রেখা। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
রেখার স্বামী আবু সাঈদ (৩৮) গত বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। সেদিন সকালেই দগ্ধ হয়েছিল পরিবারটি। তাদের ২ সন্তানের মধ্যে ৯ বছর বয়সী সাফার শরীরের ১১ শতাংশ এবং সাত বছর বয়সী সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাড্ডার সাতারকুলে ৩ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় পরিবারটি থাকত। গত বুধবার সকালে ওই বাসায় অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছিলেন। ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ সজীব বলেছিলেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাসের ‘লিকেজ’ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে তাদের ধারণা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।