সকল মেনু

বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

হটনিউজ ডেস্ক:

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মাইনুল ইসলামের স্ত্রী সাদিয়া আক্তার সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ সদস্য মাইনুলকে আসামি করে গতকাল মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় নিহতর বাবা লিখিত অভিযোগ প্রদান করেন। কিন্তু তার দেওয়া অভিযোগ এজাহার হিসেবে গণ্য না করে পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা সিরাজুল ইসলাম মৃধা।

সাথীর বাবা বলেন, মাইনুল পুলিশের সদস্য হওয়ায় তাকে নির্দোষ প্রমাণ করতে থানায় মামলা রুজু না করে অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতর বাবার দেওয়া অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলেই অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। অভিযুক্ত মাইনুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর বাদুরী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

গত সোমবার বিকেলে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার ডা. শাহজাহান হোসেন ভবনের পঞ্চম তলার একটি ফ্লাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। জেলার বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মৃধা ও ফাতেমা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে সাথী তার ৮ বছর বয়সী মেয়ে সাইমুনকে শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাসায় এসে বাসার দরজা আটকে দেন। অনেকক্ষণ সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়ালে সাঁটানো কাগজে লেখা ছিল- ‘আই হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার’। অর্থাৎ তার অদম্য ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার। ঘরে প্রচুর বই ছিল, বিসিএস কোচিং করতেন তিনি।

সাদিয়ার বাবা সিরাজুল ইসলামের থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, এর আগে সাথীর একবার বিয়ে হয়েছিল। সেই ঘরের কন্যা সন্তান সাইমুন। এক বছর আগে উভয়ের সম্মতিতে সাথীর বিয়ে হয় মাইনুলের। এরপর তারা বরিশালেই বাসা ভাড়া নিয়ে থাকতো। পরে সাথী সাবলেট থাকা শুরু করে। সাথীকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছে মাইনুল। সেই টাকা ফেরত চাওয়ায় নির্যাতন করা হতো এবং আরও ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করে সাথীর কাছে। এর আগে মাইনুলের নির্যাতনে কয়েকবার সাথী অসুস্থ হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় সোমবার নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে।

সিরাজুল হক মৃধা বলেন, সাথী আত্মহত্যা করলে ওর ফ্লাটের দরজা ভেতর থেকে আটকানো থাকার কথা। কিন্তু পুলিশ এবং আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি দরজা খোলা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা স্বাভাবিকভাবেই বোঝা যায়। আমি চাই আমার মেয়ে হত্যার সঠিক বিচার। আমার মেয়ে আত্মহত্যা করেনি। যদি আত্মহত্যা করতো তাহলে তার সন্তানকে স্কুলে দিয়ে আসতো কেন? সাইমুনকে স্কুলে দিয়ে এসে বাসায় একা ছিল, তখন মাইনুল সাথীকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখে।

সাথীর সাথে স্বর্ণালী নামে আরেকটি মেয়ে সাবলেট থাকতো। ঘটনার পর তাকেও খুঁজে পাচ্ছি না। পুলিশ চেষ্টা করলে সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করতে পারে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

সাদিয়া সাথীর বড়বোনের স্বামী বাবুগঞ্জর কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারী বলেন, তার শ্যালিকা সাদিয়ার আত্মহত্যা করার কোনো কারণ নেই। কিছুদিন পূর্বে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মাইনুল ১৩ লাখ টাকা নেয়। সেই চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে ৮ লাখ টাকা ফেরত দেয়। বাকি ৫ লাখ টাকা ফেরত না দিয়ে উল্টো আরো ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝামেলা হতো। ঘটনার আগের দিন (৬ মার্চ) মাইনুল ওই বাসায় এসেছিল।

সাদিয়ার মেয়ে সাইমুন জানিয়েছে, মাইনুল এসে সাদিয়ার সাথে ঝগড়া এবং পরে মারধর করেন। তাছাড়া মাইনুলই সবাইকে কল করে জানিয়েছেন সাদিয়া আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারের সময়ে কোতয়ালী থানার এসআই রেজা সাদিয়ার লেখা একটি ডায়েরি, মোবাইল ফোন নিয়ে গেছেন। সেগুলোতে কী আছে তা তারা কিছুই দেখাননি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, সাদিয়া আক্তার সাথীর পরিবার তাদের অভিযোগের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তবে আমরা অপমৃত্যু মামলা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top