
হটনিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে আজ সোমবার জয়ব্যতীত আর কোনো পথ খোলা নেই ঢাকা প্লাটুনের সামনে। তাই এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দলটির নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলবেন কি না তা নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল। কারণ গত ১১ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান মাশরাফি। তারপর রক্তাক্ত হাত নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। পরে হাসপাতালেও ছুটতে হয় মাশরাফিকে। শেষ পর্যন্ত ১৪টি সেলাই পড়ে তার হাতে। এর পরও এই গুরুতর অবস্থায় ‘ডু অর ডাই’ ম্যাচে মাশরাফি খেলবেন বলে জানিয়েছেন ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসান হাসান।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা প্লাটুনের ম্যানেজার বলেন, “বাম হাতে সেলাই থাকলেও অন্য হাত দিয়েই এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবেন মাশরাফি। সে তো খেলতে প্রস্তুত। সে চাচ্ছে ম্যাচটা খেলতে। মাশরাফি মনে করছে, খেলতে পারবে।”
তাহলে প্রশ্ন জাগতেই পারে এক হাতে বল করলেও কিভাবে ব্যাট করবেন? এমন প্রশ্নে তিনি আরো বলেন, “এক হাতেই করবেন ব্যাটিং ও বোলিং। এশিয়া কাপে তামিম যেভাবে করলো, সেভাবেই ব্যাটিং করবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।