সকল মেনু

প্রথমে ব্যাটিং নেয়ায় আশ্চর্য হয়েছি: পাপন

হটনিউজ ডেস্ক:

ঐতিহাসিক দিবারাত্রির কলকাতা টেস্টে অপরিচিত গোলাপি বলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ১০৬ রান অলআউট হয় বাংলাদেশ। টাইগার অধিনায়ক মুমিনুল হকের এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন নাজমুল হাসান পাপন।

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি প্রধান জানালেন, তার সঙ্গে অধিনায়ক ও কোচের নেয়া সিদ্ধান্ত ছিল ভিন্ন!

নাজমুল হাসান বলেন, ‘প্রথমে ব্যাটিং নেয়ায় সত্যি আশ্চর্য হয়েছি। ম্যাচের আগেরদিন আমি দলের সঙ্গে বসেছি। অধিনায়ক-কোচ দুজনেই বলেছিল যে টসে জিতলে প্রথমে ফিল্ডিং নেবো। তখন তাদের কথা শুনে মনে হয়েছে এখানে চিন্তার কী আছে?’
তিনি আরও বলেন, ‘টসে গিয়ে যখন দেখেছি আমরা ব্যাটিং নিয়েছি, প্রথম ধাক্কাটা আসলে তখনই খেয়েছি আমি। তখনই মনে হয়েছে দল আসলে বেশি আত্মবিশ্বাসী। ভারতের যতজনের সঙ্গে আমি কথা বলেছি, সবাই বলেছে তারা টসে জিতলে ফিল্ডিংই নিতো। ওরা কখনোই ব্যাটিং নিতো না কারণ একদম নতুন পিচ এবং এই গোলাপি বল, কেমন আচরণ করছে না জেনেশুনে ওরা ব্যাটিং নিতো না।’

তাদের কাছে প্রত্যাশা পূরণ হয়নি বলে বোর্ড প্রধান জানান, ‘আমাদের যারা সিনিয়র খেলোয়াড় ছিল, তাদের কাছে আমাদের ধারণা ছিল যে প্রতিপক্ষ যত ভালো বলই করুক, ওরা তো ভালো বল খেলে এসেছে অতীতে। তাদের কাছে যে প্রত্যাশাটা ছিল তার কিছুই পূরণ হয়নি।’

‘আমাদের প্রথম ইনিংস তো খুবই খারাপ ছিল, দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। দলে যাদের আমরা সিনিয়র বলি- ইমরুল, মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ, এই চারজন। মুশফিক-মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মাহমুদউল্লাহ চোটের কারণে এখন মাঠের বাইরে। তার চোট বেশ গুরুতর। আশা করি দ্রুত সুস্থ হয়ে গেলে হয়তো তৃতীয় দিন মাঠে নামবে সে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top