সকল মেনু

সাভারে ২ কলেজছাত্রের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১

হটনিউজ ডেস্ক:
সাভারে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ তিন কলেজছাত্রের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো আকাশ হোসেন ও মেহেদি হাসান।

আকাশ হোসেন সাভারের ব্যাংক টাউন এলাকার বাবুল হোসেনের ছেলে।
রবিবার সকালে ধলেশ্বরী নদীর নামা গেন্ডা এলাকায় আকাশ হোসেনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও রাতে বন্ধ ছিল। রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এদিকে, দুপুর পৌনে ১টার দিকে বনগাঁ ইউনিয়নের কুন্ডা ব্রিজের নিচে থেকে নিখোঁজ মেহেদি হাসানের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশ ভাসতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে লাশটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ বলেন, এখনও আরও একজন নিখোঁজ রয়েছে। তার নাম রাজন। এ ঘটনায় একটি অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১ম বর্ষের ১২ শিক্ষার্থী সাভারের ব্যাংক টাউন এলাকায় বেড়াতে আসে। পরে দুপুরের দিকে তারা ওই নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে চারজন মাঝ নদীতে চলে যাওয়ার পর একজন তীরে উঠে আসলেও বাকি তিনজন নদীর গভীরে তলিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top