সকল মেনু

মাশরাফিকে নিয়ে বিসিবিতে অস্বস্তি!

হটনিউজ ডেস্ক:
২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল মাশরাফি মুর্তজার হাতে। তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে একের পর এক জয়ে বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় উঠেছে। সেই মাশরাফিকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন বড্ড অস্বস্তিতে রয়েছে। বাজে ফর্মে থাকা মাশরাফি কবে অবসরে যাবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও অবসরের ব্যাপারটি মাশরাফির ওপরই ছেড়ে দিতে চাইছে বিসিবি।

দলের মধ্যে অস্বস্তি থাকলেও বিসিবি তাকে অবসরের সিদ্ধান্ত নিয়ে পূর্ণ স্বাধীনতা দিতে চায়। এদিকে বিশ্বকাপে খেলোয়াড় ও নির্বাচকদের পরিবার নিয়ে ভ্রমণ বাংলাদেশ ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত ছিল বলে মনে করা হচ্ছে। তারই প্রেক্ষিতে ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের বিদেশ সফরে স্ত্রী-সন্তানদের সঙ্গে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করার সম্ভাবনা রয়েছে বিসিবির। খেলোয়াড়দের আরও বেশি পেশাদার হওয়ার ব্যাপারেও কিছু পদক্ষেপ গ্রহণ করবে ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও দারুণ বোলিং করেছিলেন মাশরাফি। গত কয়েক বছর বাংলাদেশের বোলারদের তুলনামূলক পারফরম্যান্সে অনেক এগিয়ে ছিলেন মাশরাফি। তবে হতাশ করেছেন এবারের বিশ্বকাপে। আট ম্যাচে এই ডানহাতি পেসার পেয়েছেন মাত্র একটি উইকেট। বড় প্রত্যাশার বিশ্বকাপে তার হতাশাজনক পারফরম্যান্সের পরই কথা উঠেছে। বিশ্বকাপের আগেই আওয়াজ উঠেছিল, এবারই অবসর যাবেন মাশরাফি। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে।

কিন্তু ৩৬ ছুঁই ছুঁই মাশরাফি এখনও অবসর নিয়ে কিছুই বলছেন না। তাতে অস্বস্তি বেড়েছে খোদ বিসিবিতে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, ‘মাশরাফিকে তো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে সম্মান দেখানো হয়েছিল। তখন চিন্তাভাবনা হয়েছিল, যাতে অবসর নেয়ার পর এমপি হিসেবে সম্মান পান। কিন্তু তার বিষয়ে কিছুই পরিষ্কার নয়। তিনি খেলে যেতে থাকলে এক ধরনের পরিকল্পনা করতে হবে আবার অবসরে গেলে আরেক ধরনের পরিকল্পনা থাকবে। সব মিলিয়ে বিসিবির মধ্যে অস্বস্তিকর অবস্থা চলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top