সকল মেনু

‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবো’—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে এ বার্তা দেন তিনি। তবে পরে ফটোকার্ডটি সরিয়ে ফেলেন। তাঁর এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহতদের দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য মুফতি আমির হামজা। পরে বিকেলে এ ঘটনায় জেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, জুগিয়া এলাকায় একটি বালুমহাল থাকায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি নিজে এলাকা পরিদর্শন করেছেন। রাস্তা মেরামতের বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, ওই রাস্তার ধারণক্ষমতা ১০ টন। অথচ প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বালুবাহী ড্রাম ট্রাক চলাচল করে। এতে নতুন করে রাস্তা নির্মাণ করলেও তা আবার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

আমির হামজা বলেন, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত ওই পথে কোনো ড্রাম ট্রাক চলতে দেওয়া হবে না। এর কয়েক দিন পরই শহর জামায়াতের ইউনিট সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়ি এবং স্থানীয় জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ছয়জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, ওই বালুঘাটটি আওয়ামী লীগের দোসরদের নামে ছিল। বর্তমানে বিএনপি নেতারা সেটি পরিচালনা করছেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে এলে তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে বিএনপি নেতাদের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন।

এদিকে ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top