গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করতে চেয়েছিলেন স্বজনরা। তবে সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি বলে দাবি পরিবারের। শেষ পর্যন্ত ফ্রিজিং ভ্যানে করে সন্তানের মরদেহ কারাগারে নিয়ে মাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেন স্বজনরা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ নিয়ে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে শারমিন সুলতানাকে সন্তানের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বের হন স্বজনরা।
কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজে মায়ের ওপর নির্ভরশীল ছিল সে। মা গ্রেপ্তার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তূর্য।
নিপুনের দাবি, মায়ের অনুপস্থিতিতে ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ গ্রহণ করতে না পারায় তূর্য অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তার মৃত্যু হয়।
শারমিনকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে নিপুন বলেন, আটকের আগে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে জড়ানো হয়। সন্তানের মৃত্যুর পর বাধ্য হয়েই মরদেহ কারাগারে নিয়ে এসেছেন তাঁরা।
কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাম্মী আরও বলেন, তাঁর বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না পাওয়ায় সন্তানের শেষ সময়ে পাশে থাকতে পারেননি তিনি। সন্তানকে শেষবার দেখার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শাম্মী।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শারমিন সুলতানার ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী বন্দি মাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।