সকল মেনু

অনলাইনে বিক্রির তথ্য গোপন, ভ্যাট ফাঁকির সন্দেহে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ

অনলাইনে খাবার বিক্রি করে লাখ লাখ টাকা আয় করলেও ভ্যাটের হিসাবে তার প্রতিফলন নেই—এমন অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থা। তিনটি খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মের এক মাসের বিক্রির তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ২৯টি রেস্তোরাঁর হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। আরও যাচাই-বাছাইয়ের পর সারাদেশের প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁয় একই ধরনের অসংগতি থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে এসব রেস্তোরাঁকে গোয়েন্দা নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআরের নথি অনুযায়ী, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ই-কমার্স ও কুরিয়ার সার্ভিস খাতের প্রায় ২৭ হাজার সম্ভাব্য করদাতা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ খাত নিয়ে বিশেষ গবেষণা করা হয়। এর অংশ হিসেবে দেশের তিনটি শীর্ষ খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের নিবন্ধিত রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করে গোয়েন্দা অধিদপ্তর।

সংগৃহীত তালিকায় ফুডপান্ডার ৪ হাজার, ফুডির ৫ হাজার ৩৪৯টি এবং পাঠাও ফুডের ৩ হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। একাধিক প্ল্যাটফর্মে একই রেস্তোরাঁর নাম থাকায় সব মিলিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠানের সংখ্যা ৬ থেকে ৭ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালিকা থেকে পরিচিত ২৯টি রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের সঙ্গে তিনটি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য তুলনা করে দেখা হয়। বাজার সমীক্ষা অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেট থেকে হয়ে থাকে। কিন্তু পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু তিনটি অনলাইন প্ল্যাটফর্মের বিক্রিই তাদের দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়ে বেশি পাওয়া গেছে।

তুলনামূলক হিসাবে প্রতিষ্ঠানগুলোর বিক্রির তথ্য ও ভ্যাট দাখিলপত্রের মধ্যে কোটি কোটি টাকার পার্থক্য দেখা গেছে। এর মধ্যে সুলতান’স ডাইনের গুলশান-২ শাখায় আগস্ট মাসে তিন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে ৬০ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা। অথচ ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৩২০ টাকা। দুই হিসাবের পার্থক্য ৮ লাখ ৬২ হাজার ৫৯৭ টাকা।

একই প্রতিষ্ঠানের মিরপুর-৬ শাখায় অনলাইন বিক্রি ৪৮ লাখ ৫৭ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার টাকা। এখানে পার্থক্য ১৩ লাখ ৭০ হাজার ৫৭ টাকা। এ ছাড়া সুলতান’স ডাইনের জিন্দাবাজার শাখায় ৭ লাখ ২৬ হাজার ৩৩৬ টাকা, মিরপুরের আরেকটি শাখায় ১৪ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা এবং আগ্রাবাদ শাখায় ৫ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকার গরমিল পাওয়া গেছে।

বার্গার এক্সপ্রেসের বিভিন্ন শাখায়ও বড় অঙ্কের পার্থক্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির বনানী শাখায় আগস্টে অনলাইন বিক্রি ছিল ২৯ লাখ ৩৮ হাজার ৩৬৮ টাকা। বিপরীতে ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার ৫৫ টাকা। পার্থক্য ২৬ লাখ ৯৬ হাজার ৩১৩ টাকা। কলাবাগান শাখায় অনলাইন বিক্রি ২৭ লাখ ২৩ হাজার ৩০৩ টাকার বিপরীতে দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। মিরপুর-১০ শাখায় ২৫ লাখ ৬ হাজার ৩০৯ টাকার বিপরীতে দেখানো হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪৯৫ টাকা এবং মোহাম্মদপুর শাখায় ২৪ লাখ ২৪ হাজার ৪৩৯ টাকার বিপরীতে দেখানো হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৮৮৫ টাকা।

তালিকায় থাকা পিজ্জা বার্গের সাতটি শাখার—মিরপুর, বসুন্ধরা, ওয়ারী, ধানমন্ডি, পল্লবী, আদাবর ও গুলশান—সম্মিলিত অনলাইন বিক্রি ছিল ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। অথচ ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। দুই হিসাবের পার্থক্য ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা।

এ ছাড়া চিলক্সের খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখায় যথাক্রমে ৭ লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা, ৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা ও ১০ লাখ ৯১ হাজার ৪০৬ টাকার পার্থক্য পাওয়া গেছে। লালবাগ বিরিয়ানি হাউস, চিজ ও ম্যাডশেফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রির হিসাবেও বড় ধরনের গরমিল রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের মতো তালিকাভুক্ত ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁর অধিকাংশের ক্ষেত্রেই একই ধরনের অসংগতি থাকার আশঙ্কা রয়েছে। এতে রেস্তোরাঁ খাতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির সম্ভাবনা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট কমিশনারেটগুলো যথাযথভাবে তদন্ত করলে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হতে পারে।

এ জন্য দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে, নিজ নিজ অধিক্ষেত্রের তালিকাভুক্ত রেস্তোরাঁ চিহ্নিত করা, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের কাছ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের বিক্রির তথ্য সংগ্রহ করা এবং সেসব তথ্য ভ্যাট দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে বকেয়া রাজস্ব আদায় করা। পাশাপাশি বর্তমান সময়ের প্রকৃত বিক্রির হিসাব নির্ধারণ করে রাজস্ব আদায় নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top