ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় মিছিলকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন চিকিৎসকদের আর কিছু করার ছিল না।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের কর্মীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি নাকি ককটেলের আঘাতে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।