শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। নির্বাচনে জয়ী হয়ে করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব পান তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই রাজনীতিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।