সকল মেনু

সোহেলের মৃত্যুদণ্ড বহাল, সন্তুষ্ট রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায় সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আপনাদের জানাব।’

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে রায় পড়ে শোনান আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top